গাজীপুরে গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, ৬৯ জন জীবিত উদ্ধার

গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকার ফকির মার্কেট-সংলগ্ন ‘মেট্রিক্স স্টাইল গার্মেন্টস’ নামের একটি পোশাক প্রস্তুতকারক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের সময় ৮ তলা ভবনের বিভিন্ন তলা ও ছাদে আটকা পড়া ৬৯ জন শ্রমিক ও কর্মচারীকে অলৌকিকভাবে জীবিত ও নিরাপদে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের বীর সদস্যরা।

আজ শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে অষ্টম তলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং বেলা ৩টার দিকে পৌঁছায়।

প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটিসহ মোট ৯টি ইউনিট একযোগে অভিযানে অংশ নেয়।

আগুন ছড়িয়ে পড়ার পর ভবনের ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে অনেকে ওপরের দিকে উঠে ছাদে আশ্রয় নেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস সদস্যরা আধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে ছাদে ও বিভিন্ন কক্ষে অবরুদ্ধ থাকা ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ মর্মান্তিক ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে হাইরাইজ ভবনের সংকুচিত গলি ও চরম উত্তাপের কারণে অভিযান চালাতে বেগ পেতে হয়। আগুন নিয়ন্ত্রণে আসলেও ভবনের ভেতরে বিভিন্ন পকেটে থাকা তাপ ও ডাম্পিং ডাউনের কাজ শতভাগ নির্বাপণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির অর্থনৈতিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিনির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ পুরোপুরি শেষ হলে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *