গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন বলেছেন, অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং জুলাই জাতীয় সনদ কার্যকর করতে হবে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ নেই। গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) ঝিনাইদহের আলহেরা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত জেলা কর্মী সম্মেলন ২০২৬- এ প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন এসব কথা বলেন।

জামায়াতনেতা মোবারক হোসাইন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাতে রাষ্ট্রের সব ক্ষমতা থাকার পরও শেষ পর্যন্ত তাদের ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে। ক্ষমতা চিরস্থায়ী নয়; জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। বর্তমান বিএনপি সরকার যদি অতীতের ফ্যাসিবাদী শাসনের দেখানো পথে হাঁটে এবং জনগণের অধিকার ও প্রত্যাশা উপেক্ষা করে, তাহলে তাদের পতিত স্বৈরাচারের চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। তাই সরকারকে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে।

সংসদে বিরোধী দলের ভূমিকা তুলে ধরে মোবারক হোসাইন বলেন, বিরোধী দল অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে সংসদে ভূমিকা পালন করছে, যার নজির অতীত ইতিহাসে বিরল। দেশ ও জনগণের স্বার্থে বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখতে চায়। সরকার জনকল্যাণে ভালো কোনো উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে। কিন্তু সরকার যদি জাতির স্বার্থবিরোধী কোনো ভূমিকা পালন করে, তাহলে বিরোধী দল শক্ত হাতে তার প্রতিরোধ করবে।

মোবারক হোসাইন আরও বলেন, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ কেবল ১১ দলীয় ঐক্যের কর্মসূচি নয়; এসব দাবি দেশের আপামর জনসাধারণের দাবি। এসব দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারের পথ সুগম করতে হবে। এসব দাবি সরকারেরও দাবি, এমনকি প্রধানমন্ত্রীরও দাবি হওয়া উচিত। তাই জনগণের প্রত্যাশা উপেক্ষা না করে সরকারকে সাত দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, মাত্র সাত মাসের মধ্যে চারবার জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর ফলে সাধারণ মানুষ, পরিবহন খাত, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলো চাপের মুখে পড়ছে। জ্বালানি ব্যয় বৃদ্ধির প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয়ের ওপরও পড়ছে বলে তিনি মন্তব্য করেন।

মোবারক হোসাইন বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছে, তা বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহি ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করার উদ্যোগ নিতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবু বকর এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিমের সদস্য আব্দুল মতিন, অধ্যাপক মতিয়ার রহমান এমপি, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল, নায়েবে আমীর আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি কাজী সগীর আহম্মেদ, তাজুল ইসলাম, আব্দুল হাই, মাওলানা আবু তালিব এমপিসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *