খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জবি ছাত্রদলের খাবার বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ নং যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে ক্যাম্পাসের আশপাশের এলাকায় অবস্থানরত শ্রমজীবী ও অসহায় মানুষের হাতে খাবার ও খাবার পানি তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

কর্মসূচিতে মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, খালেদা জিয়া ছিলেন আমাদের গণতন্ত্র, মানুষের অধিকার ও সাধারণ আপামর জনতার জন্য আজীবন লড়াকু এবং সংগ্রামী এক অবিসংবাদিত নেত্রী। তার জন্মদিনে কেবল আনুষ্ঠানিকতা বা উদযাপনে সীমাবদ্ধ না থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমাদের মূল রাজনৈতিক দায়িত্ব।

তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন বুকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষের পাশে থাকবে। একটি বৈষম্যহীন, সুন্দর ও মানবিক সমাজ গঠনে সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমুখী ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান তিনি।

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অংশ নেওয়া সব সদস্য ও কর্মী আগামীতেও দুস্থ ও শ্রমজীবী মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *