খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ‘ব্রেইল কোরআন’ বিতরণ ছাত্রদলের

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দৃষ্টিহীন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ব্রেইল কোরআন শরীফ বিতরণ করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদল।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর আল-মারকাজুল ইসলাম একাডেমির ৫০ জন দৃষ্টিহীন শিক্ষার্থীর মধ্যে এসব কোরআন শরীফ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুপুরের খাবারও দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত এবং সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের পক্ষ থেকে ব্রেইল কোরআন উপহার দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ।

তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, প্রতিষ্ঠানটি একসময় খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে তার নাম বাদ দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ নিয়েও বক্তব্য দেন ডা. আউয়াল। তিনি বলেন, বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের নামকরণ করেও শেখ হাসিনা মানুষের মনে জায়গা করে নিতে পারেননি।

খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, নব্বইয়ের গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দৃষ্টিহীন শিক্ষার্থীদের মধ্যে ব্রেইল কোরআন বিতরণকে তিনি তাদের মাঝে ‘কোরআনের আলো’ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোন্দকার সিফাত উল হক। সঞ্চালনা করেন সদস্য সচিব ইফতেখার আহমেদ শিহাব।

এ সময় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাবেক নেতা ডা. মোহাম্মদ বিন মিজান, ডা. রুহুল আমিন সজীব, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, ডা. সুদীপ্ত পাল, ডা. সাদিকুর রহমান ইফাত, সাঈদ মোর্শেদ, জিদ্দান আদনান, আরহাম মুশফিক, নাফিস, মোসাদ্দেক হোসেন সৌরভ, ইমরান খান, জাহিদ রিফাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *