টানা পাঁচ ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড। এরই মধ্যে ক্লাব কর্তাদের নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝেড়ে আলোচনায় লিসান্দ্রো মার্তিনেজ। তার মন্তব্যে অসন্তুষ্ট ক্লাব কর্তৃপক্ষ, পরে ক্ষমাও চেয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার। তবে এর পেছনে কি শুধুই হতাশা, নাকি ওল্ড ট্রাফোর্ড ছাড়ার অন্য কোনো পরিকল্পনা রয়েছে তার?
ক্লাব কর্মকর্তাদের নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় শাস্তির মুখে পড়তে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে। এ ঘটনায় তাকে আর্থিক জরিমানা গুনতে হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর মিক্সড জোনে ক্লাবের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্তিনেজ। তার অভিযোগ, গত গ্রীষ্মের দলবদলে প্রয়োজনীয় বিনিয়োগ করেনি ম্যানচেস্টার ইউনাইটেড। পাশাপাশি দলে পর্যাপ্ত মানসম্পন্ন খেলোয়াড়ও আনতে পারেনি ক্লাবটি। আর এর প্রভাবই এখন পড়ছে মাঠের পারফরম্যান্সে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয় না পাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না এই আর্জেন্টাইন ডিফেন্ডার। তবে ক্লাবের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য করায় বৃহস্পতিবার কর্মকর্তাদের মুখোমুখি হতে হয় তাকে। তাদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চান মার্তিনেজ। মার্তিনেজ বলেন, ‘আমি ক্ষমাপ্রার্থনা করতে চাই।’
বৈঠক প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আজ আমি ক্লাবের কর্তা ও প্রধান কোচের সঙ্গে দেখা করেছি। খুবই ইতিবাচক আলোচনা হয়েছে, সেখানে আমরা নিজেদের চিন্তা-ভাবনা প্রকাশ করেছি এবং মঙ্গলবারের ম্যাচের পর যা হয়েছে তা নিয়ে কথা বলেছি। সবাই জানে আমি খুবই আবেগপ্রবণ মানুষ এবং ফুটবলই আমার জীবনের সবকিছু। ওই হারের কারণে আমি খুব হতাশ ছিলাম, আর সেকারণেই ওইমুহূর্তে আমার যা মনে হয়েছিল তাই প্রকাশ করি, যা হয়তো সঠিক ছিল না, এবং তাই আমি ক্ষমা চাই।’
২০২২ সালের গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন মার্তিনেজ। ইংলিশ ক্লাবটির সঙ্গে চলতি মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে তার। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকলেও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মৌসুম শেষেই ওল্ড ট্রাফোর্ড ছাড়ার পরিকল্পনা করছেন এই ডিফেন্ডার।
আবার সাংবাদিক জেমি জ্যাকসনের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি সামনে রেখে মার্তিনেজের সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্য দলবদলের প্রক্রিয়া ত্বরান্বিত করার কৌশলও হতে পারে।
এদিকে, ফ্ল্যাশস্কোরে প্রকাশিত এক প্রতিবেদনে সাংবাদিক ডিন জোন্স জানিয়েছেন, মার্তিনেজকে দলে ভেড়াতে আগ্রহী আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার ব্যাপারে মার্তিনেজের নিজেরও আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন তিনি।