ক্যারিয়ারসেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে মুশফিক-তাইজুল

পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজ জয়ে বাংলাদেশের বেশ কয়েকজন আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভালো উন্নতি করেছেন। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ উঠে এসেছে পঞ্চম স্থানে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অভিজ্ঞ ডানহাতি ব্যাটার মুশফিকুর রহিম। চার ইনিংসে সিরিজসেরা ২৫৯ রান করে ৩৯ বছর বয়সী এই তারকা টেস্ট ব্যাটারদের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ১৬তম স্থানে উঠে এসেছেন। যা তার ক্যারিয়ার সেরা। এর আগে সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল ১৭। 

শুধু মুশফিক একাই নন, বাংলাদেশের আরেক ডানহাতি ব্যাটার লিটন কুমার দাসও র‌্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি করেছেন। সিরিজে ২৩৯ রান করার সুবাদে তিনি ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৪তম স্থানে।

টেস্ট বোলারদের হালনাগাদ র‌্যাঙ্কিংয়েও একই চিত্র দেখা গেছে। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে বামহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে জায়গা করে নিয়েছেন। যা তার ক্যারিয়ারসেরা অবস্থান। আগের সেরাটি ছিল ১৩ নম্বর। পেয়েছেন ক্যারিয়ার সেরা রেটিংও (৭৩২)। অফস্পিনার মেহেদী হাসান মিরাজও দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৫তম স্থানে। পেসার নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে জায়গা করে নিয়েছেন।  এ ছাড়া তাইজুল ইসলাম টেস্ট অলরাউন্ডারদের তালিকাতেও তিন ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *