ক্যারিবীয়দের পথের কাঁটা এখন বাংলাদেশ

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আয়ারল্যান্ড আর আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচ গেছে বৃষ্টির পেটে। এরপর দ্বিতীয় ম্যাচে ৯২ রানের বড় ব্যবধানে আয়ার‌্যান্ডকে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার পথটা অনেকটা সুগম করে ফেলেছে আফগানিস্তান। আর এতেই বিপদে পড়ে গেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা পেতে হলে নির্দিষ্ট কাট-অফ সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা আট দলের মধ্যে থাকতে হবে। আর ২০২৭ বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে।

তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা র‌্যাঙ্কিংয়ের সেরা আট দলের মধ্যে থাকায় র‌্যাঙ্কিংয়ে নয় নম্বরে থাকা দলও সুযোগ পাবে সরাসরি খেলার। তবুও সুযোগ মিলছে না ক্যারিবীয়দের। তাদের পথের কাঁটা হয়ে আছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে এখন এখন চাতক পাখির মতো অপেক্ষা করতে হবে যদি বাংলাদেশ খারাপ করে।

র‌্যাঙ্কিং বলছে, বর্তমানে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। শেষ পর্যন্ত টাইগাররা যদি ৯ নম্বর অবস্থান ধরে রাখতে পারে, তবে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়া নিশ্চিত। অন্যদিকে, ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। বাংলাদেশের চেয়ে তারা ৬ পয়েন্টে পিছিয়ে থাকায় এই ব্যবধান ঘুচানো ক্যারিবীয়দের জন্য পাহাড়সম এক ব্যাপার হবে।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেরা নয়ে থাকতে হলে উইন্ডিজদের সামনে ভারতের মাটিতে কেবল দুটি ম্যাচ বাকি আছে। শাই হোপের দল সেই দুই ম্যাচ জিতেও ৯ নম্বরে ওঠা কঠিন হবে, যদি না বাংলাদেশ দল আর কোনো পয়েন্ট হারায়।

তবে স্বস্তির বিষয় হলো, ওই নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। ফলে টাইগারদের পয়েন্ট বাড়ার যেমন সুযোগ নেই, তেমনি হারানোরও কোনো ঝুঁকি নেই। এতে ক্যারিবীয়দের জন্য ৬ পয়েন্টের ব্যবধান কমানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আফগানদের বিপক্ষে এই সিরিজে আইরিশদের বিশাল ব্যবধানে জেতার প্রয়োজন ছিল। আয়ারল্যান্ড যদি আফগানিস্তানকে ৪-১ বা ৫-০ ব্যবধানে হারাতে পারত, তবেই কেবল উইন্ডিজের সরাসরি খেলার সামান্য সম্ভাবনা বেঁচে থাকত। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতেই আফগানদের জয় সেই আশা চিরতরে গুঁড়িয়ে দিয়েছে। একই সঙ্গে আইরিশদেরও সরাসরি বিশ্বকাপে খেলার দরজা বন্ধ হয়ে গেছে।

উল্লেখ্য, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও বাছাইপর্বে ব্যর্থ হয়ে প্রথমবারের মতো মূল পর্বে খেলতে পারেনি ক্যারিবীয়রা। এবারও সরাসরি টিকিট না পাওয়ায় সেই পুরনো শঙ্কা মাথায় জেঁকে বসেছে তাদের। সরাসরি মূল পর্বে উঠতে ব্যর্থ হলে উইন্ডিজদের আবারও ১০ দলের সেই কঠিন বাছাইপর্বের বৈতরণী পার হতে হবে। সেখান থেকে শীর্ষ চারদল বিশ্বকাপ খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *