খাগড়াছড়ির বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত কোনো পরিবার ত্রাণ সহায়তা থেকে বাদ যাবে না।
আজ শনিবার (১১ জুলাই) বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের কয়েকটি স্থানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।
জেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। কোনো ধরনের ঘাটতি রাখা হবে না। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী নিজে বন্যা দুর্গতদের খোঁজ-খবর রাখছেন, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের প্রতি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।
ত্রাণ সামগ্রী বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোরতজা আলী খান, পৌর প্রশাসক রুমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চট্টগ্রাম থেকে সড়ক পথে খাগড়াছড়ি আসেন এবং বিকেলে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত গঞ্জপাড়া ব্রীজ এলাকায় চেঙ্গী নদীর দুপাড়ের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। পরে মেহেদীবাগ ও নিচের বাজারের সবজি মার্কেট এলাকায় ক্ষতিগ্রস্থদের মাঝ ত্রাণ বিতরণ করেন। এর পর মহালছড়ির মাইসছড়িসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে রাঙ্গামাটি ফিরে যান।
প্রতিমন্ত্রী ত্রাণ প্রতিমন্ত্রী বন্যা ত্রাণ সহায়তা
sn/sks