কিংবদন্তি বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুর, টিজারেই নতুন রূপে চমক

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার একেবারে ভিন্নধর্মী চরিত্রে হাজির হচ্ছেন। নির্মাতা লক্ষ্মণ উতেকারের নতুন সিনেমা ‘ইথা’তে তিনি রূপ দিচ্ছেন মারাঠি লোকনাট্যের কিংবদন্তি শিল্পী ‘বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের’ চরিত্রে। সম্প্রতি প্রকাশিত সিনেমার টিজারেই তার এই নতুন অবতার ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও দর্শক আগ্রহ।

টিজারে দেখা যায়, বিঠাবাই চরিত্রে শ্রদ্ধা এক কঠিন ও সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেও তাকে মঞ্চে পারফর্মের প্রস্তুতি নিতে দেখা যায়। ব্যাকস্টেজে তীব্র যন্ত্রণায় কাতর থাকলেও শিল্পীর দায়বদ্ধতা তাকে থামতে দেয় না। এমনকি সন্তান জন্ম দেওয়ার পরপরই তাকে আবারও মঞ্চে ফিরে যেতে দেখা যায় যা দর্শকদের গভীরভাবে নাড়া দিয়েছে এবং অনেকেই দৃশ্যগুলোকে শক্তিশালী পারফরম্যান্সের ইঙ্গিত হিসেবে দেখছেন।

মারাঠি লোকনাট্যের ‘তামাশা’ ও ‘লাবণী’ ধারার অন্যতম কিংবদন্তি শিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকর মহারাষ্ট্রের সাংস্কৃতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম। লোকসংস্কৃতি সংরক্ষণ, মঞ্চশিল্পকে জনপ্রিয় করা এবং নারীদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শিল্পী পরিবারে জন্ম নেওয়া বিঠাবাইয়ের জীবন ছিল একদিকে খ্যাতি, অন্যদিকে কঠিন সংগ্রামের গল্প, যেখানে মঞ্চই ছিল তার বেঁচে থাকার প্রধান অবলম্বন।

শ্রদ্ধা কাপুর জানিয়েছেন, এই চরিত্রটি তার জন্য শুধু একটি অভিনয় নয়, বরং এক গভীর দায়িত্ববোধের অংশ। তিনি এমন একটি গল্প বেছে নিয়েছেন যা তাকে একজন অভিনেত্রী হিসেবে ভেঙে নতুনভাবে গড়ে উঠতে সাহায্য করবে। তার মতে, ‘ইথা’ কেবল একটি বায়োপিক নয়, বরং এক কিংবদন্তি নারীর জীবনসংগ্রাম, আত্মত্যাগ ও শিল্পের প্রতি অবিচল ভালোবাসার শক্তিশালী উপস্থাপন।

দীর্ঘদিন ধরেই শ্রদ্ধা কাপুর বলিউডে সফল ছবি উপহার দিলেও সমসাময়িক কিছু তারকার মতো নিয়মিত শিরোনামে থাকেন না। তবে ‘ইথা’-কে ঘিরে তার এই নতুন রূপ দর্শক ও সমালোচকদের দৃষ্টি আবার তার দিকে ফিরিয়েছে। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনয়, মেকওভার এবং চরিত্র নির্বাচন নিয়ে চলছে প্রশংসা ও আলোচনা।

বিশেষ করে টিজারের আবেগঘন দৃশ্যগুলো ।যেখানে একদিকে মাতৃত্বের যন্ত্রণা, অন্যদিকে মঞ্চের প্রতি দায়িত্ব। সেই দ্বৈত টানাপোড়েন দর্শকদের মধ্যে আলাদা প্রভাব ফেলেছে। অনেকেই মনে করছেন, এটি শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হতে পারে।

‘ইথা’ সিনেমাটি আগামী ২৮ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই সিনেমাটি ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে উচ্চ প্রত্যাশা। এখন দেখার বিষয়, বড় পর্দায় বিঠাবাইয়ের এই সংগ্রামী জীবনকে কতটা শক্তিশালীভাবে তুলে ধরতে পারেন শ্রদ্ধা কাপুর, এবং সিনেমাটি সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয় কি না।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *