ঝালকাঠির রাজাপুরে হঠাৎ ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ভবনের ওপর বিশাল গাছ ভেঙে পড়েছে। এতে বিদ্যালয়টির অন্তত দুটি শ্রেণিকক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ছুটির পর বিদ্যালয়টিতে নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ৫৫ নম্বর আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে হঠাৎ শুরু হওয়া তীব্র কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের টিনশেড ভবনের ওপর একটি বড় চাম্বল গাছ উপড়ে ভেঙে পড়ে। এতে ভবনের চালার টিন ও কাঠ দুমড়ে-মুচড়ে যায় এবং শ্রেণিকক্ষ দুটি সম্পূর্ণ পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে। তবে পবিত্র ঈদুল আজহার ছুটি চলমান থাকায় ওই সময় বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী বা শিক্ষক উপস্থিত ছিলেন না। ফলে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু ক্ষতিগ্রস্ত কক্ষগুলোতে ছুটির পর নিয়মিত ক্লাস চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বলে আশঙ্কা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে ঝড়-বৃষ্টির সময় হঠাৎ একটি বিশাল গাছ ভেঙে পড়ে আমাদের দুইটি শ্রেণিকক্ষের চালা লণ্ডভণ্ড করে দিয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি ভবনটি দ্রুত মেরামতের জন্য জরুরি সরকারি বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন বলেন, ঘটনার পর পরই প্রধান শিক্ষক আমাকে মুঠোফোনে বিস্তারিত জানিয়েছেন। যেহেতু বর্তমানে ঈদের ছুটি চলছে, তাই আপাতত বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ছবি তুলে রাখতে বলা হয়েছে। ছুটি শেষ হওয়া মাত্রই ভবনটি দ্রুত সংস্কার ও মেরামতের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি আবেদন পাঠানো হবে।
এদিকে ছুটির পর কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ভবনটি সংস্কার এবং বিদ্যালয়ের আশপাশে থাকা অন্যান্য ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ।