২০২৬ ফিফা বিশ্বকাপে বড় এক অঘটনের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। শেষ ষোলোতে আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে।
এই হারের পর শুধু ব্রাজিলের শিরোপা স্বপ্নই ভেঙে যায়নি, জাতীয় দলের জার্সিতেও শেষ অধ্যায়ের ঘোষণারই যেন ইঙ্গিত দিলেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র!
ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার। তবে সেই গোল দলকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি। শেষ বাঁশির পর আবেগাপ্লুত কণ্ঠে ব্রাজিলের গ্লোবো টিভিকে তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ।’
এরপর নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতি টেনে নেইমার আরও বলেন, ‘আমি চেষ্টা করেছি। নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’
গ্লোবোর তথ্য অনুযায়ী, এই বক্তব্যের মধ্য দিয়েই ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। যদি ‘সব শেষ’ বলার মধ্যেই আনুষ্ঠানিক অবসরের ঘোষণা নিহিত থাকে, তবে সেলেসাওদের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হবে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট নিয়ে।
২০১০ সালে তৎকালীন কোচ মানো মেনেজেসের অধীনে জাতীয় দলে অভিষেক হয়েছিল নেইমারের। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া সেই যাত্রার সমাপ্তিও হলো একই দেশে, মেটলাইফ স্টেডিয়ামে। ব্রাজিলের হয়ে তার অর্জনের ঝুলিতে রয়েছে ২০১৩ সালের কনফেডারেশনস কাপের শিরোপা। পাশাপাশি ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন স্বর্ণপদক।
এটি ছিল নেইমারের চতুর্থ বিশ্বকাপ। ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬-চারটি আসরে অংশ নিলেও বিশ্বকাপ শিরোপার স্বাদ আর পাওয়া হলো না তার! এর মধ্য দিয়ে শিরোপা ছাড়াই চারটি বিশ্বকাপ খেলা দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে নাম লেখালেন তিনি।
অন্যদিকে নরওয়ের কাছে এই হারে ১৯৯০ সালের পর বিশ্বকাপে সবচেয়ে হতাশাজনক অভিযান শেষ করল ব্রাজিল। সেলেসাওদের বিশ্বকাপ শিরোপার অপেক্ষাও আরও দীর্ঘ হলো। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেই অপেক্ষা গড়াবে ২৮ বছরে, যা ১৯৫৮ সালে প্রথম বিশ্বকাপ জয়ের পর ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শিরোপাখরা!
এসএন/পিডিকে