ভারতের জনপ্রিয় গায়িকা জেসমীন সৈন্ডলস নিজের কনসার্টের মঞ্চেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ব্যক্তিগত জীবনের বিশেষ এক সুখবর। ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম দিনের অনুষ্ঠানে তিনি জানান, প্রেমিক শেখর চৌধরীর সঙ্গে তাঁর বাগ্দান সম্পন্ন হয়েছে। এ ঘোষণার পর পুরো অনুষ্ঠানস্থল করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।
শনিবার (১১ জুলাই) নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে গান পরিবেশনের একপর্যায়ে জেসমীন মঞ্চে ডাকেন শেখর চৌধরীকে। দর্শকদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়ে গায়িকা জানান, এই মানুষটিই তাঁর জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী। এরপর হাতে থাকা বাগ্দানের আংটি সবার সামনে তুলে ধরেন তিনি।
ঘোষণার পর আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় মঞ্চে জেসমীন এগিয়ে গিয়ে শেখরকে আলিঙ্গন করেন। শেখরও ভালোবাসার প্রকাশ হিসেবে তাঁকে জড়িয়ে ধরেন। পরে দুজনে একসঙ্গে নাচে যোগ দিলে দর্শকদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। পুরো মুহূর্তটি উপস্থিত দর্শকদের মোবাইল ফোনে ধারণ করা হয় এবং অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়ে দিচ্ছেন।
‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর দেশজুড়ে সরাসরি কনসার্টে ফিরেছেন জেসমীন । উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তাঁর জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করেন। এর মধ্যে ছিল ‘শরারত’, ‘জাইয়ে সজনা’, ‘ইয়ার না মিলে’, ‘তরস’ ও ‘সিপ সিপ’। প্রতিটি গানেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া যায়।
পাঞ্জাবি ও হিন্দি গানের জগতে পরিচিত মুখ জেসমীন সৈন্ডলস ‘ধুরন্ধর’ ছবির ‘শরারত’ গান দিয়ে নতুন করে আলোচনায় আসেন। তাঁর স্বতন্ত্র কণ্ঠ ও মঞ্চ পরিবেশনা বরাবরই শ্রোতাদের আকৃষ্ট করেছে। এবার সেই মঞ্চেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে ভক্তদের জন্য স্মরণীয় একটি মুহূর্ত তৈরি করলেন তিনি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দিল্লির পর ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর পরবর্তী কনসার্ট অনুষ্ঠিত হবে মুম্বই, বেঙ্গালুরু ও চণ্ডীগড়ে। সংগীতের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই সুখবরও এখন জেসমীনের অনুরাগীদের আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে।
এসএন/পিডিকে