এমপির পরিদর্শনের সময় কাঠের সেতু ভেঙে পড়ে গেলেন জামায়াত নেতারা

নীলফামারীর ডিমলায় সংসদ সদস্য আব্দুর সাত্তার (এমপি) একটি ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পরিদর্শনের সময় সেতুটি ভেঙে পড়েছে। এতে সংসদ সদস্য পড়ে না গেলেও সঙ্গে থাকা নেতাকর্মীরা নদীর ধারে পড়ে যান। এসময় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।  

বুধবার (১২ আগস্ট) সকালে নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর সেতুটি পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে নদীতে সেতু না থাকার কারণে স্থানীয়রা চরম ভোগান্তিতে ছিলেন। পরে তারা সেখানে নিজেদের অর্থায়নে একটি কাঠের সেতু তৈরি করেন। আজ সংসদ সদস্য আব্দুর সাত্তার তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেতুটি পরিদর্শনে যান। সেখানে গিয়ে কাঠের সেতুটিতে ওঠার পর হঠাৎ তা ভেঙে এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী পড়ে আহত হন।

স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, এমপি মহোদয় আমাদের এলাকার কাঠের সেতুটি পরিদর্শনের জন্য সেতুর উপরে ওঠার পর লোকজন বেশি হাওয়ায় হঠাৎ করে সেটি ভেঙে তার সঙ্গে থাকা কয়েকজন নিচে পড়ে যান।

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, সেতুটি স্থানীয়রা নিজেদের অর্থায়নে তৈরি করেছেন। আজকে সংসদ সদস্য পরিদর্শনে গেলে সেটি ভেঙে পড়ে যায়। 

এ বিষয়ে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার বলেন, ‘এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের সেতু তৈরি করেছে। আমি এবং আমার সঙ্গে নেতাকর্মীরা মিলে সেটি পরিদর্শন করতে গিয়েছিলাম। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর সেটির পেছনের অংশ ভেঙে পড়ে। সেখানে কয়েকজন পড়ে গেলে তাদের জামা কাপড় ছিঁড়ে যায় এবং তিনজন আহত হয়। সেখানে সরকারি অর্থায়নে সেতু করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আমি আলোচনা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *