সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আস্তানায় অভিযান ও বিপুল বিস্ফোরকসহ একজনকে আটকের পরপরই এবার একটি মসজিদের মাঠ থেকে প্রেশার কুকার বোমা উদ্ধার করেছে পুলিশ। বারবার এমন বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) দিনগত মধ্যরাতে উপজেলার সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে বোমাটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, মাঠে ফেলে রাখা একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর কাপড় ও কোরআন শরিফের সঙ্গে প্রেশার কুকারটি দেখতে পান স্থানীয়রা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে ৩০ জুলাই আশুলিয়ার একটি মুদিদোকান থেকে ট্রাভেল ব্যাগে রাখা প্রেশার কুকার বোমা উদ্ধার ও সিটিটিসি কর্তৃক তা নিষ্ক্রিয় করার সূত্র ধরে সাভারের দক্ষিণ শ্যামপুরে জেএমবির আস্তানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে আরিফ নামের একজনকে আটক করা হলেও মূলহোতা নাজমুল হাসান ওরফে ‘বোমারু মামুন’ এখনও পলাতক।
ডিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন বলেন, উদ্ধার হওয়া নতুন প্রেশার কুকার বোমার সঙ্গে জেএমবি আস্তানার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।