বৃহস্পতিবার (২১ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর বাকলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ ভুক্তভোগী শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়েছে।
এদিকে, শিশু ধর্ষণের ঘটনা জানাজানি হবার পর অভিযুক্ত যুবককে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। ধর্ষণের ঘটনায় আটক অভিযুক্তকে জনতার হাতে তুলে দেয়ার দাবিতে কয়েকঘন্টা ধরে বিক্ষোভ করে এলাকাবাসী। বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে ধর্ষককে তাদের হাতে তুলে দেয়ার দাবি জানায়।এসময় পুলিশ ফাকা গুলি ছুঁড়ে লোকজনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উত্তেজনা বেড়ে যায়।
পুলিশ জানায়, ডেকোরেশনের দোকানের এক কর্মচারীকে চার বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়। কিন্তু থানায় আনার পথে আসামিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে স্থানীয় লোকজন পুলিশের গাড়ির গতিরোধ করে বিক্ষোভ করে। এসময় অভিযুক্তকে জনতার রোষানল থেকে নিজেদের হেফাজতে নিতে গেলে পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় স্থানীয়রা।