এপ্রিলে ৯৯.৭২ শতাংশ পোশাক কারখানার বেতন পরিশোধ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্যভুক্ত পোশাক কারখানার ৯৯ দশমিক ৭২ শতাংশ এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে । আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বিজিএমইএর দেওয়া তথ্য মতে, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মোট দুই হাজার ১৩৪টি চালু কারখানার মধ্যে এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে দুই হাজার ১২৮টি কারখানা। যা মোট কারখানার ৯৯ দশমিক ৭২ শতাংশ।

একইসঙ্গে ঈদ বোনাস পরিশোধ করেছে দুই হাজার ১২৫টি কারখানা বা ৯৯ দশমিক ৫৮ শতাংশ। মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে দুই হাজার ২৩টি কারখানা, যা মোট কারখানার ৯৪ দশমিক ৮০ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা জোনে মোট চালু কারখানার সংখ্যা এক হাজার ৭৯৪টি। এর মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধ হয়েছে শতভাগ কারখানায়। এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে এক হাজার ৭৯০টি কারখানা বা ৯৯ দশমিক ৭৮ শতাংশ। বকেয়া রয়েছে চারটি কারখানায় বা শূন্য দশমিক ২২ শতাংশ। এ অঞ্চলে ঈদ বোনাস পরিশোধ করেছে এক হাজার ৭৯০টি কারখানা বা ৯৯ দশমিক ৭৮ শতাংশ। বোনাস দেয়নি চারটি কারখানা বা শূন্য দশমিক ২২ শতাংশ। এছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে এক হাজার ৭০৩টি কারখানা বা ৯৫ দশমিক ৪১ শতাংশ।

চট্টগ্রাম জোনে মোট চালু কারখানার সংখ্যা ৩৪০টি। এর মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধ হয়েছে শতভাগ কারখানায়। এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ৩৩৮টি কারখানা বা ৯৯ দশমিক ৪১ শতাংশ। বকেয়া রয়েছে দুইটি কারখানায় বা শূন্য দশমিক ৫৯ শতাংশ। চট্টগ্রাম অঞ্চলে ঈদ বোনাস পরিশোধ করেছে ৩৩৫টি কারখানা বা ৯৮ দশমিক ৫৩ শতাংশ। এখনও বোনাস দেয়নি পাঁচটি কারখানা বা এক দশমিক ৪৭ শতাংশ। এছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৩২০টি কারখানা বা ৯৪ দশমিক ১২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *