চলতি বছরের এপ্রিল মাসে দেশে ৮৭ জন কন্যা শিশু ও ১৩৩ জন নারীসহ মোট ২২০ জন বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ কর্তৃক ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক মাসে ১১ জন কন্যাসহ ১২ জন ধর্ষণ-চেষ্টার শিকার হয়েছেন। এ সময়ে যৌন সহিংসতার শিকার হয়েছেন ছয়জন কন্যাসহ মোট ১৬ জন, যার মধ্যে তিনজন কন্যাসহ আটজন যৌন নিপীড়ন, একজন কন্যাসহ তিনজন উত্ত্যক্তকরণ এবং দুইজন কন্যাসহ পাঁচজন সাইবার সহিংসতার শিকার হয়েছেন।
সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন কারণে ১৬ জন কন্যা ও ৪১ জন নারীসহ মোট ৫৭ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ছাড়া চারজন কন্যা ও ১৫ জন নারীসহ ১৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে এবং অগ্নিদগ্ধের শিকার হয়েছেন দুইজন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন চারজন, যার মধ্যে দুইজনকে যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে।
পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দুইজন। এ ছাড়াও একজন মেয়েসহ দুইজন গৃহকর্মী নির্যাতন এবং একজন মেয়েসহ দুইজন গৃহকর্মী হত্যার শিকার হয়েছেন। আত্মহত্যার পথ বেছে নিয়েছেন চারজন মেয়েসহ ১৩ জন, যাদের মধ্যে দুইজন মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, পাঁচজন মেয়েসহ ছয়জন অপহরণের শিকার হয়েছেন এবং তিনজন মেয়েকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এ ছাড়া শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন আরও একজন মেয়েসহ ১৪ জন এবং অন্যান্যভাবে নির্যাতনের শিকার হয়েছেন আরও সাতজন।