এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ফের চালু

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল এক্সিলারেট থেকে গ্যাস সরবরাহ ফের চালু হয়েছে। নির্ধারিত সময়ের একদিন আগেই আজ শনিবার (২২ আগস্ট) এলএনজিবাহী কার্গো এসে যাওয়ায় শনিবার দুপুর থেকে টার্মিনালটি চালু করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই টার্মিনাল থেকে ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। আজ রাত ১০টা নাগাদ ওই টার্মিনাল থেকে পুরোদমে গ্যাস সরবরাহ পাওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জানা গেছে, দুপুর থেকেই গ্যাস সরবরাহে কিছুটা উন্নতি হয়েছে। কারণ পাশে থাকা দেশীয় সামিট গ্রুপের ভাসমান টার্মিনাল দিয়েই ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে। সবমিলিয়ে শনিবার দুপুর আড়াইটায় নাগাদ দুটি টার্মিনাল দিয়ে ৬৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলছে। এলএনজির মজুদ শেষ হয়ে যাওয়ায় এবং নির্ধারিত সময়ে এলএনজিবাহী জাহাজ না আসায় গত বুধবার বিকেলে এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তাতে দেশে গ্যাস সঙ্কট তীব্র আকার ধারণ করে। গ্যাস সঙ্কটের কারণে গ্যাসচালিত ২৯টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিতে হয়। ফলে বিদ্যুৎ সঙ্কট আরও প্রকট হয়ে উঠে। এই অবস্থায় বন্ধ এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় কিছুটা হলে স্বস্তি ফিরে আসছে।

এলএনজি সরবরাহের অভাবে বন্ধ থাকা এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের জন্য নতুন কার্গো আসার কথা ছিল রোববার।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির একজন কর্মকর্তা জানান, আজ শনিবার দুপুর দেড়টায় ‘ফ্লেক্স কারেজেস’ জাহাজ মহেশখালীর ভাসমান টার্মিনালে ভিড়েছে। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে কেনা এলএনজিবাহী জাহাজটি এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যামেরন পোর্ট থেকে। এরপর টার্মিনালটি সচল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *