সারাদেশে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটের কোনো ম্যাচ না থাকায় এবার ঈদের আনন্দ পুরোপুরি পরিবারের সঙ্গে ভাগ করে নিচ্ছেন দেশের ক্রিকেটাররা। ব্যস্ত সূচি থেকে ছুটি পেয়ে ক্রিকেটাররা এখন পরিবারের সঙ্গে অবস্থান করছেন।
আর এই আনন্দের দিনে মাঠের তারকা ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি। সুন্দর বার্তা ও ছবির মাধ্যমে তাঁরা ভক্ত-সমর্থকদের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নিরাপদে থাকার অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা রইলো। ঈদ মোবারক!’
জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সবার গুনাহ মাফ করে দিন, আমাদের কোরবানি কবুল করে নিন। আমিন।’
সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা লিখেছেন, ‘সব দূরত্ব মুছে যাক, ত্যাগের আনন্দে প্রতিটি হৃদয় এক হোক। ঈদ মোবারক…।’
তাওহীদ হৃদয় লিখেছেন, ‘কোরবানির ত্যাগ আর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। আপনজনদের সাথে কাটুক এই পবিত্র দিনটি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক!’