ঈদের নামাজ শেষে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে যা বললেন তাসকিন

সারাদেশে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আপাতত ঘরোয়া কিংবা জাতীয় দলের কোনো খেলা না থাকায় ক্রিকেটাররা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বাড়ি ঢাকায়। পরিবারের সঙ্গে রাজধানীতেই ঈদ উদযাপন করছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৮ মে) ঈদের নামাজ শেষে জাতীয় দলের এই পেসার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি কথা বলেছেন দেশের ক্রিকেট ও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে।

অস্ট্রেলিয়া সিরিজকে একটি কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখলেও নিজেদের সামর্থ্যের ওপর পুরোপুরি আস্থা রাখছেন তাসকিন। তবে এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে বেশি না ভেবে বর্তমান ম্যাচগুলোতেই ফোকাস করতে চান তিনি।

সকালে ঈদের নামাজ আদায় শেষে তাসকিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ সবার কোরবানি কবুল করুন। সবাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন। আমি যখনই সুযোগ পাই এবং দেশে থাকি, সবসময় এই ঈদগাহ মাঠে নামাজ আদায়ের চেষ্টা করি।’

তাসকিন আরও যোগ করেন, ‘আল্লাহর রহমতে এটা সত্যিই অন্যরকম একটা অনুভূতি। আল্লাহ যেন সামনেও আমাকে এই সুযোগ দেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন।’

আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ক্রিকেট পরাশক্তিদের সঙ্গে এই সিরিজ সহজ হবে না বলেই মনে করেন তাসকিন।

অসিদের বিপক্ষে সিরিজ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। তবে হ্যাঁ, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা তো অবশ্যই সহজ হবে না। ওরা অনেক কঠিন প্রতিপক্ষ। তারপরও আমরা বেশ আশাবাদী। কারণ আমরা গত কয়েকটা সিরিজে টানা জিতেছি। ধারাবাহিকতাটা যদি আমরা ধরে রাখতে পারি, তবে ইনশাল্লাহ সামনে আমাদের আরও অনেক উন্নতি হবে।’

আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেই সফরের পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তাসকিন বলেন, ‘ইনশাল্লাহ, আমরা ধাপে ধাপে এগোচ্ছি। অস্ট্রেলিয়া টেস্ট তো এখনো বেশ দেরি আছে। তার আগে আমাদের বেশ কিছু খেলা আছে। বর্তমান নিয়েই চিন্তা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *