কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র ঈদুল আজহার বন্ধে শিক্ষার্থীদের ঈদযাত্রার ভোগান্তি ও নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের মাধ্যমে সাতটি বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বুধবার (২০ মে) রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম এই সাতটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় বাস দেওয়া হবে। এ জন্য কোন বিভাগের কতজন শিক্ষার্থী আছে তার তালিকা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, যে সকল শিক্ষার্থী উল্লেখিত শহরে যেতে আগ্রহী তাদেরকে আঞ্চলিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে যোগাযোগ করে পরিবহন পুলে তথ্য জমা দেয়ার জন্য অনুরোধ জানান হয়েছে।
নৃ-বিজ্ঞান বিভাগের মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী আবুল বাশার বলেন, আমরা ঈদযাত্রায় প্রশাসনের কাছে বিভাগীয় শহরে বাসের জন্য লিখিত দাবি করেছিলাম। সে প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেশের সবকটি বিভাগে বাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে আমরা সাধারণ শিক্ষার্থীরা খুশি।
ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী তাবাসসুম আক্তার বলেন, নিজ ক্যাম্পাসের বাসে বাড়ি যাবো বিষয়টি রোমাঞ্চকর। ধন্যবাদ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের ভোগান্তি লাঘবে ব্যবস্থা গ্রহণের জন্য।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ঈদযাত্রায় শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং তাদের দাবির প্রেক্ষিতে বিভাগীয় শহরগুলোতে বাস দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে নিজ নিজ বিভাগীয় শহরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে করে বাড়ি যেতে পারবে।