জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকার মহানগর শাখার আহ্বায়ক হিসেবে বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে দায়িত্ব দিয়েছে। একই কমিটিতে সদস্যসচিব করা হয়েছে ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারকে।
রবিবার (২৬ এপ্রিল) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–সমর্থিত সংগঠন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
দলে যোগদানের সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইসহাক সরকার তাদের জন্য অনুপ্রেরণা এবং সহযোদ্ধা। তিনি আগে বিরোধী রাজনীতি করেছেন, ভবিষ্যতেও বিরোধী রাজনীতিতে থাকবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে গত ৪ ফেব্রুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে ইসহাক সরকারকে বহিষ্কার করা হয়। পরে তিনি জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করে ১১ হাজার ৫১৭ ভোট পান।
এসএন/পিডিকে