ইরান সীমান্তের শিব বর্ডার খুলছে ইরাক, মানদালি সাময়িক বন্ধ

ইরানসংলগ্ন শিব সীমান্ত ক্রসিং মঙ্গলবার সকাল থেকে আবার চালু করছে ইরাক। প্রয়োজনীয় কারিগরি কাজ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ক্রসিংটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সীমান্ত বন্দর কর্তৃপক্ষের প্রধান। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এ তথ্য প্রকাশ করেছে।

অন্যদিকে, শুক্রবার থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে মানদালি সীমান্ত ক্রসিং। দুই সিদ্ধান্তের মধ্যে কোনো সরাসরি যোগসূত্র আছে কি না, কিংবা এগুলো যুক্তরাষ্ট্রের অনুরোধের সঙ্গে সম্পর্কিত কি না, তা স্পষ্ট নয়।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন সম্প্রতি বলেছেন, ইরানের সঙ্গে দুটি ছাড়া সব সীমান্ত ক্রসিং বন্ধ করতে বাগদাদকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন এ দাবি জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আল জাজিরাকে তিনি বলেন, ইরানের সঙ্গে ইরাকের বহু বৈধ ও অবৈধ সীমান্তপথ রয়েছে। সবগুলো বন্ধ করা কঠিন এবং তা ইরাকের অর্থনীতিতে প্রভাব ফেলবে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

গত মাসে নিরাপত্তা পর্যালোচনা এবং চোরাচালান ঠেকাতে শনাক্তকরণ সরঞ্জাম স্থাপনের জন্য ব্যস্ততম শিব ক্রসিং বন্ধ করেছিল ইরাক। সেটি আবারও চালুর ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন সীমান্তপথ খোলা রাখা নিয়ে বাগদাদ ও ওয়াশিংটনের আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *