আলোচনায় বসার জন্য ‘যুক্তরাষ্ট্রই ভিক্ষা চেয়েছে’: আরাঘচি

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য ‘ভিক্ষা চেয়েছে’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

আরাঘচি বলেন, যুদ্ধের শুরুতে ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেসময় আলোচনার কোনো সুযোগ না রেখে ওয়াশিংটন ইরানকে আত্মসমর্পণের জন্য চাপ দিয়েছিল বলেও দাবি করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি শব্দ লিখেছিলেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ’।

তার ভাষ্য, ‘সেটিই তারা আমাদের কাছ থেকে চেয়েছিল। কিন্তু ২০ দিন পর সেই একই শত্রুই আলোচনার জন্য ভিক্ষা করতে শুরু করে।’

আরাঘচির এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ ও কূটনৈতিক উত্তেজনা ঘিরে আলোচনার বিষয়টি আবারও সামনে এসেছে। এর আগে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদানের কথা জানিয়েছিল ইরান। তবে তেহরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা বিনিময়কে সরাসরি আলোচনা হিসেবে বিবেচনা করা যায় না।

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনায় হরমুজ প্রণালির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ ও সামরিক অবস্থানের পরিবর্তনসহ কয়েকটি শর্ত পূরণ না হলে গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রসর হবে না।

ফলে আরাঘচির সর্বশেষ বক্তব্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের কঠোর অবস্থানেরই প্রতিফলন দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *