নতুন ধারাবাহিক নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তাঁর আগের ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর সাফল্যের পর এবার এসেছে পারিবারিক ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ‘ফিরে আসার গল্প’। প্রচারের শুরুতেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে ধারাবাহিকটি। ইউটিউবে প্রকাশের পর অল্প সময়েই লাখ লাখ ভিউ অর্জন করেছে এর পর্বগুলো।
গত বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ধারাবাহিকটির প্রথম পর্ব। মুক্তির পর থেকেই পর্বটি দেখতে ভিড় করছেন দর্শক। ইতোমধ্যে প্রথম পর্বের ভিউ ৭৫ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে প্রকাশিত হয় দ্বিতীয় পর্ব। প্রকাশের ২৩ ঘণ্টার মধ্যেই পর্বটির ভিউ ৪২ লাখ ছাড়িয়ে যায়।
দুই পর্বেই দর্শকদের এমন সাড়া নির্মাতা ও অভিনয়শিল্পীদের জন্য আনন্দের খবর। শুধু ভিউ নয়, ধারাবাহিকটির গল্প ও অভিনয় নিয়েও প্রশংসা করছেন দর্শকেরা। ইউটিউবে মন্তব্যের ঘরে অনেকেই নিজেদের ভালো লাগার কথা তুলে ধরছেন। সব মিলিয়ে প্রচারের শুরুতেই দর্শকদের আগ্রহ তৈরি করতে পেরেছে ‘ফিরে আসার গল্প’।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, ফায়জুল ইয়ামিন, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ড. এজাজুল ইসলাম, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।