শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে ‘জে’ গ্রুপের এই হাইভোল্টেজ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আফ্রিকার অন্যতম শক্তিশালী দল আলজেরিয়া।
আসরের শুরু থেকেই আর্জেন্টিনার ওপর সমর্থকদের ব্যাপক প্রত্যাশা। এই ম্যাচের আগে ফুটবল বিশ্লেষক প্রতিষ্ঠান ‘অপ্টা’র সুপারকম্পিউটার তাদের পূর্বাভাস দিয়ে রেখেছে, যেখানে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।
২৫ হাজার বার সিমুলেশন চালানোর পর অপ্টা সুপারকম্পিউটার জানিয়েছে, এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৭.৮ শতাংশ। অন্যদিকে, আলজেরিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১৩ শতাংশ এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ১৯.২ শতাংশ।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা যে ফেভারিট, তা তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ৬৯.২ শতাংশ সম্ভাবনা থেকেই স্পষ্ট। তবে আফ্রিকার প্রতিনিধি আলজেরিয়ারও নক-আউটে ওঠার ভালো সুযোগ রয়েছে বলে জানিয়েছে এই ডাটা।
এবারের বিশ্বকাপ ম্যাচটি লিওনেল মেসির জন্য অনেকগুলো রেকর্ডের সমন্বয়। আগামীকাল মাঠে নামার সঙ্গে সঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার এক অনন্য মাইলফলক স্পর্শ করবেন ৩৮ বছর বয়সী মেসি। এর আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি (২৬টি) ম্যাচ খেলার রেকর্ডও তার দখলেই রয়েছে।
আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যে বিশ্বকাপের মঞ্চে এটিই প্রথম দেখা। তবে দুই দলের পুরনো স্মৃতি বেশ রোমাঞ্চকর। ২০০৭ সালের একটি প্রীতি ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে ৪-৩ গোলের থ্রিলারে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম জোড়া গোল করেছিলেন।
এবারের আর্জেন্টিনা দলে মেসির পাশাপাশি লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ দারুণ ফর্মে আছেন। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নদের লক্ষ্য ১৯৫৮-১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা।
তবে আলজেরিয়াকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বাছাইপর্বে ১০ ম্যাচে ২৪ গোল করা এই দলটির মূল শক্তি তাদের স্ট্রাইকার মোহাম্মদ আমৌরা। বাছাইপর্বে একাই ১০ গোল এবং ৪টি গোলে সহায়তা করে আলজেরিয়ার মোট গোলের ৫৮ শতাংশ অবদান রেখেছেন তিনি।