
আবুধাবি টেস্টের চতুর্থ দিনটা যেন লিটন দাসের নিজের। ব্যাটিংয়ে দিনের শুরুতেই স্পর্শ করলেন একটি মাইলফলক। এরপর ফিল্ডিংয়ের সময় ছুঁলেন আরও একটি মাইলফলক। দুই মাইলফলকে দারুণ একটি দিন কাটালেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটার।
আজ সোমবার (১২ অক্টোবর) দিনের শুরুতে ব্যাটিংয়ে নামেন আগের দিন অপরাজিত থাকা লিটন। ব্যাটিংয়ে নেমে কিছুক্ষণের মধ্যেই পঞ্চম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি।
৮ হাজার ৯২৯ রান নিয়ে আফগানিস্তানের বিপক্ষে এই টেস্ট খেলতে নেমেছিলেন লিটন। প্রথম ইনিংসে ৫৩ রানের ইনিংস খেলে মাইলফলকের অনেকটা কাছে চলে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এবার সেটিই পূর্ণ করলেন।
এর আগে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ৯ হাজার রান আছে চারজন ব্যাটারের। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের।
এরপর বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় উইকেটের পেছনে তিনটি ক্যাচ নেন তিনি। এতে নাম লেখান নতুন আরেকটি রেকর্ডে। এক টেস্ট ম্যাচে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ ডিসমিশালের মালিক লিটন। চলমান টেস্টে ৮টি ডিসমিশাল করেছেন তিনি।
এতদিন এই রেকর্ড ছিল খালেদ মাসুদের দখলে। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টে ৭টি ডিসমিশাল করেছিলেন করেছিলেন তিনি। আটটি ডিসমিশাল এবার সেই রেকর্ড নিজের করে নিলেন লিটন।