আড়াই হাজার কোটি টাকার সহায়তা পেল ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চাওয়ার কয়েকদিনের মধ্যেই ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ রোববার (১৪ জুন) এই অর্থ ছাড় করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ‍্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, ইসলামী ব্যাংকের গ্রাহকদের নগদ অর্থের চাহিদা পূরণে সহায়তা করার জন্য এ অর্থ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে পরবর্তীতে আরও সহায়তার বিষয় বিবেচনা করা হতে পারে।

এর আগে গত সপ্তাহে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা বিশেষ তারল্য সহায়তা চেয়ে আবেদন করে। ব্যাংকটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) স্বাক্ষরিত চিঠিতে গ্রাহকদের অর্থ উত্তোলনের চাপ মোকাবিলায় জরুরি সহায়তা চাওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত সময়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকেরা। গত ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুইদিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *