ডারউইন টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে সরাসরিই প্রশ্ন করেছিলেন, ২ নাকি ৩ দিনে শেষ হবে ম্যাচ। স্পষ্টতই এই প্রশ্ন ছিল– বাংলাদেশকে অবজ্ঞা করা। টাইগাররা সেই অবজ্ঞার জবাব দিয়েছে মাঠের পারফরম্যান্স দিয়ে। পুরো ম্যাচে আধিপত্য করে খেলেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে আধিপত্য দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ৯ উইকেটে।
অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে বিশ্ব ক্রিকেটের প্রশংসা কুঁড়িয়েছে বাংলাদেশ। খোঁদ অস্ট্রেলিয়ান ক্রিকেটপ্রেমীদের মাঝেও তৈরি হয়েছে উন্মাদনা। তার একটি প্রমাণও মিলল। বিষয়টিকে এখন এভাবে বলা যায়– অস্ট্রেলিয়ার মাটিতে চলছে বাংলাদেশের ক্রিকেট উন্মাদনা।
আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাকাই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। এই প্রথমবার এই মাঠে কোনো আন্তর্জাতিক পুরুষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।
নতুন এই ভেন্যুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই টেস্ট ম্যাচের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যেই পুরোপুরি বিক্রি হয়ে গেছে। এমনকি দ্বিতীয় দিনের টিকিটেরও ব্যাপক চাহিদা রয়েছে এবং গ্যালারি প্রায় পূর্ণ হয়ে যাওয়ার পথে।
সাধারণত আগস্ট মাসে অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট আয়োজনের রেওয়াজ না থাকলেও, দেশটির উত্তরাঞ্চলে অনুষ্ঠিত হওয়া এই সিরিজটিকে ঘিরে স্থানীয় ও বাইরের দর্শকদের আগ্রহ দেখে রীতিমতো মুগ্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, সমর্থকদের এই অভূতপূর্ব সাড়া সত্যিই দারুণ প্রশংসনীয়।
এদিকে কুইন্সল্যান্ড সরকার ও ম্যাকাইয়ের স্থানীয় কাউন্সিল জানিয়েছে, ঐতিহাসিক এই টেস্ট ম্যাচটিকে কেন্দ্র করে ওই অঞ্চলের পর্যটনশিল্প এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বেশ বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।
আগামী ২২ আগস্ট শুরু হয়ে ২৬ আগস্ট পর্যন্ত চলবে এই টেস্ট ম্যাচটি। ম্যাচটির প্রতিটি দিনের খেলা স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে।