অসাধু চক্র প্রশ্ন ফাঁস সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে : ঢাকা বোর্ড

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলেও সতর্ক করে ঢাকা বোর্ড।

আজ শনিবার (২৫ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। চক্রটি অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে চলমান পরীক্ষা কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

ঢাকা বোর্ড জানায়, গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামক একটি ফেসবুক পেজ শনাক্ত করে। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ এপ্রিল সিটিটিসির একটি বিশেষ দল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রচারণাই গুজব ও প্রতারণামূলক। পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব অপপ্রচারে কান না দিয়ে সচেতন থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *