অসহায়দের দেওয়া হলো পঁচা-দুর্গন্ধযুক্ত সরকারি চাল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদুল আজহাকে সামনে রেখে ভিজিএফ ও ভিডাব্লিউবি সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় দুর্গন্ধযুক্ত, পঁচা, পোকা ধরা ও জমাট বাঁধা নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলার নিম্নআয়ের সুবিধাভোগীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। পঁচা চালের কারণে অনেকেই তা গ্রহণ না করে খালি হাতে ফিরে গেছেন এবং দ্রুত মানসম্মত চাল দেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্র ও উপকারভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণের জন্য আনা সরকারি চালের বস্তা খোলার পর দেখা যায় ভেতরের চাল লালচে রঙের, পোকা ও জমাট বাঁধা এবং তা থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। উপকারভোগীদের অভিযোগ, এসব চাল দীর্ঘদিনের পুরোনো এবং কোনোভাবেই মানুষের খাওয়ার উপযোগী নয়। কয়েকটি ইউনিয়নে ইতোমধ্যে এই চাল বিতরণ করা হয়েছে এবং বাকি ইউনিয়নগুলোতেও একই চাল সরবরাহের খবরে উদ্বেগ বাড়ছে। 

ক্ষোভ প্রকাশ করে কয়েকজন সুবিধাভোগী বলেন, এমন পঁচা চাল দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। এসব চাল খেলে উপকারের বদলে মানুষ আরও অসুস্থ হয়ে পড়বে।

এ বিষয়ে চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমার চম্পকনগর ইউনিয়নে যে চাল দেওয়া হচ্ছে, তা খাওয়ার উপযোগী নয়। প্রতিটি বস্তায় পোকা ও নষ্ট চাল রয়েছে। এই পঁচা চাল মানুষের উপকারের বদলে ক্ষতির কারণ হবে। এমন চাল সরবরাহ করা কোনোভাবেই ঠিক হয়নি।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, এই মাসে ভিডাব্লিউবি কর্মসূচির জন্য আসা চালের গুণগত মান সত্যিই ভালো নয়। আগামী রোববার এসব চাল বিতরণের কথা রয়েছে। চালের মান খারাপ হওয়ার বিষয়টি আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও চেয়ারম্যানকে অবহিত করেছি। তবে সরকার যেভাবে আমাদের কাছে সরবরাহ করে, আমরা সেভাবেই বিতরণ করতে বাধ্য হই।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার জানান, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে তাদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। যেসব ইউনিয়নে এখনও চাল বিতরণ করা হয়নি, সেসব ইউনিয়নের সংশ্লিষ্ট প্রতিনিধিরা চাইলে খাদ্যগুদামে গিয়ে চাল যাচাই করে তা পরিবর্তন করে নতুন চাল নিয়ে আসতে পারবেন। নিয়ম অনুযায়ী, বিতরণকারী প্রতিনিধিদের আগেই খাদ্যগুদামে গিয়ে চালের মান পরীক্ষা করার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *