অশালীন মন্তব্যের অভিযোগে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদে হানি সিং

কনসার্টে অশালীন মন্তব্যের অভিযোগে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ভারতের জনপ্রিয় র‍্যাপার ও সংগীতশিল্পী হানি সিং। গত শুক্রবার (১৬ অক্টোবর) মহারাষ্ট্রের সাইবার পুলিশের কাছে হাজির হন ৪৩ বছর বয়সী এই গায়ক। দিল্লির একটি কনসার্টে তাঁর কথিত আপত্তিকর মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এর আগে তিনবার তলব করা হলেও হাজির হননি হানি সিং। বিদেশে থাকার কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন তিনি। সর্বশেষ ১৬ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলে ২২ অক্টোবর পর্যন্ত সময় চেয়েছিলেন এই গায়ক। তবে তাঁর আবেদন নাকচ করে দেয় সাইবার পুলিশ। হাজির না হলে তাঁর বিরুদ্ধে দেশত্যাগে বাধা দেওয়ার নোটিশ জারির প্রক্রিয়া শুরুর সতর্কতাও দেওয়া হয়েছিল।

পুলিশের কাছে বক্তব্য রেকর্ড করার পর গণমাধ্যমের প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান হানি সিং।

ঘটনার সূত্রপাত ২০২৬ সালের জানুয়ারিতে দিল্লির একটি কনসার্টে। সেখানে হানি সিংয়ের কথিত অশালীন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, গাড়ির মধ্যে যৌন সম্পর্ক নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি। ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে মুম্বাইয়ের এক বাসিন্দা মহারাষ্ট্রের সাইবার পুলিশের কাছে অভিযোগ করেন। এরপরই তদন্ত শুরু হয়।

এ ঘটনায় সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমাও চেয়েছিলেন হানি সিং। তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে এমন ভাষা ব্যবহার করেছিলেন, যা অনেকের কাছে আপত্তিকর মনে হয়েছে বলে জানান তিনি। নিজের বক্তব্য প্রকাশের ধরন যথাযথ ছিল না স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এই গায়ক। কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না বলেও জানান।

এর আগেও গানের কথা নিয়ে আইনি জটিলতায় পড়েছেন হানি সিং। চলতি বছরের এপ্রিলে তাঁর ও বাদশাহর সঙ্গে সংশ্লিষ্ট ‘ভলিউম ওয়ান’ গানটির লিংক সামাজিক যোগাযোগমাধ্যম ও ফাইল আদান-প্রদানের বিভিন্ন মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেন দিল্লি হাইকোর্ট। আদালত গানটির কথাকে অশালীন ও নারীর প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেন।

‘ব্রাউন রং’, ‘লুঙ্গি ড্যান্স’ ও ‘দেশি কালাকার’এর মতো গানের জন্য পরিচিত হানি সিং এক দশকের বেশি সময় ধরে ভারতের সংগীতজগতে জনপ্রিয়। তবে দিল্লির কনসার্টে কথিত মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে পুলিশের তদন্ত এখনো চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *