অর্থ পাচারের অভিযোগে করা মামলায় ছাগল–কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনের জামিন স্থগিত চেয়ে আবেদেন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী সপ্তাহে চেম্বার জজ আদালতে এ আবেদনের শুনানি হতে পারে।
এ বিষয়ে ডেপুটি অ্যার্টনি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল এনটিভি অনলাইনকে বলেন, দুর্নীতির অভিযোগে মানি লন্ডারিংয়ের মামলায় ছাগল–কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনকে হাইকোর্ট গত ২৩ এপ্রিল জামিন দিয়েছিলেন। ইমরানের জামিন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে। আগামী সপ্তাহে শুনানি হতে পারে।
হাইকোর্টে ইমরানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল।
এর আগে ২০২৫ সালের ৩ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ছাগল–কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার করে। ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় তাকে রাজধানীর মালিবাগ থেকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তৎকালীন কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো খামার।