অবসরের আগে যে দুই স্বপ্ন রোনালদোর চোখে

ছবি : ক্রিশ্চিয়ানো রোনালদোর ফেসবুক পেজ থেকে

৪১ বছর বয়সে পর্তুগাল জাতীয় দলের জার্সিতে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অনেকের চোখে এটি হতে পারে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়। তবে রোনালদোর মতো খেলোয়াড়ের ক্ষেত্রে শেষ কথাটি আগেভাগে বলে দেওয়া কঠিন।

নিজের অবসরের নির্দিষ্ট সময় এখনও জানেন না বলেই জানান পর্তুগিজ এই তারকা। ভবিষ্যৎ নিয়ে নিজের লক্ষ্যও পরিষ্কার করেছেন তিনি। একই সঙ্গে জাতীয় দলের দায়িত্ব নতুন কোচ জোর্গে জেসুসের হাতে যাওয়ার সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন সৌদি ক্লাব আল নাসরের এই ফরোয়ার্ড।

লিসবনের ওয়েরাসে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ‘সিটি অব ফুটবল’-এ অনুষ্ঠিত ‘পর্তুগিজ ফুটবল সামিট’-এ সাংবাদিকদের মুখোমুখি হন রোনালদো। ওয়েলসের বিপক্ষে ইউয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচকে সামনে রেখে নতুন কোচ হোর্হে জেসুসের উপস্থিতিতে নিজের ভবিষ্যৎ, অবসর ও তাকে ঘিরে চলা সমালোচনা নিয়ে কথা বলেন তিনি।

সামিটে নিজের বর্তমান লক্ষ্য জানাতে গিয়ে রোনালদো বলেন, ‘এই মুহূর্তে আমার সামনে দুটি বড় লক্ষ্য রয়েছে। প্রথমটি ক্যারিয়ারে ১,০০০ গোলের মাইলফলকে পৌঁছানো। দ্বিতীয়টি ইউয়েফা নেশনস লিগের শিরোপা জেতা।’

জাতীয় দলের সাবেক কোচ রবার্তো মার্তিনেসের প্রসঙ্গও উঠে আসে তার কথায়। রোনালদো বলেন, ‘জাতীয় দলে এখন একটি নতুন যুগের সূচনা হয়েছে। অনেক সমালোচনা থাকা সত্ত্বেও রবার্তো মার্তিনেস যে কাজ করেছেন, তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। এখন আমাদের দায়িত্বে আছেন হোর্হে জেসুস। তার সামর্থ্য ও কাজ সম্পর্কে সবাই জানেন। আমি বিশ্বাস করি, তার অধীনে আমরা ভালো কিছু করতে পারব।’

নিজেকে ঘিরে সমালোচনার প্রসঙ্গে রোনালদো তার বক্তব্যে স্বাভাবিক রসিকতায় বলেন, ‘আমি পুরো সত্যিটা সরাসরি না বলে একটু কূটনৈতিকভাবেই বলব। চলতি বছরেই আমি সমর্থকদের কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি। আবার কিছু মানুষ এমনভাবে সমালোচনা করে, মনে হয় তারা শিকারি রাইফেল দিয়ে আমাকে শেষ করে দিতে চায়! কিছু সংবাদমাধ্যম নিয়মিত আমাকে আক্রমণ করে এবং আমার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। কিন্তু রাইফেল বা বন্দুক ব্যবহার না করলে আমাকে থামানো কঠিন। আর গুলি চালালেও আমি সেটি এড়িয়ে বেরিয়ে যাব (হাসি)! এতদিন ধরে এসব শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি। পুরো দেশে ছয়জন মানুষ আমাকে পছন্দ না করলেও সেটি নিয়ে আমার কোনো সমস্যা নেই।’

অবসর নিয়ে প্রশ্নের জবাবেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন রোনালদো। তার ভাষায়, ‘আমি কবে ফুটবল ছাড়ব? যদি উত্তরটা জানা থাকত, তাহলে ভালোই হতো। কিন্তু সত্যি বলতে, আমি জানি না। ত্রিশ বছর বয়স পার করার পর থেকে আমি বর্তমান সময়টাকেই উপভোগ করার চেষ্টা করছি। তবে সম্ভাবনা আছে, এটাই আমার শেষ বছর হতে পারে। আমার শেষ ম্যাচ যখন আসবে, তখন আমিই সবাইকে জানাব।’

ক্যারিয়ারে ১,০০০ গোলের লক্ষ্যের বিষয়টিও ব্যাখ্যা করেছেন রোনালদো। তিনি বলেন, ‘আমি জানি, ১,০০০ গোলের মাইলফলকে আমি পৌঁছাব। তবে এটিকে কোনো ধরনের অন্ধ জেদ হিসেবে দেখছি না। আমার প্রধান কাজ হলো ফুটবল উপভোগ করা। অবশ্যই বিশ্বরেকর্ডটি নিজের নামে করার প্রবল ইচ্ছা আমার রয়েছে।’

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন কি না, এমন প্রশ্নের উত্তরে রোনালদো বলেন, ‘হ্যাঁ, জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি অনেক ভেবে দেখি। সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিই। তবে আপনারা আমাকে এখনও জাতীয় দলে দেখছেন। তার মানে আমি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

শেষ দিকে জাতীয় দলের হয়ে নিজের ভূমিকা নিয়েও কথা বলেন পর্তুগিজ তারকা। রোনালদো জানান, ‘ফেডারেশনের সভাপতি এবং নতুন কোচের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা আমার ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন। আমি মনে করি, জাতীয় দলের নতুন প্রজন্মকে এখনও অনেক কিছু দেওয়ার আছে আমার। শুধু গোল করার মাধ্যমে নয়, মাঠে থেকে তাদের সহযোগিতা করার মাধ্যমেও। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঠে থাকা এবং দলের হয়ে নিয়মিত গোল করে যাওয়া।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *