যশোরের শার্শায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন রঙ ব্যবহার করে তৈরি শিশুখাদ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ ঝুঁকিপূর্ণ শিশুখাদ্য জব্দ ও ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার নাভারণ বাজারে অভিযান চালিয়ে বিসমিল্লাহ স্টোরের মালিক বিল্লাল হোসেনকে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিল্লাল হোসেন ঠিকানাবিহীন একটি কারখানায় তৈরি শিশুখাদ্য বিভিন্ন দোকানে সরবরাহ করছিলেন। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অনুমোদনহীন কেমিক্যাল ও রঙ ব্যবহারের অভিযোগে তার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জব্দ করা খাদ্যপণ্য ধ্বংস করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব খাদ্য শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন এ ধরনের খাদ্য গ্রহণ করলে শিশুদের বিভিন্ন রোগের পাশাপাশি কিডনি জটিলতাসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।