৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী চলচ্চিত্র নির্বাচনের জন্য চলচ্চিত্র আহ্বান করেছে অস্কার বাংলাদেশ কমিটি। আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আগ্রহী প্রযোজক ও পরিচালকদের নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের (এএমপিএএস) নিয়ম অনুযায়ী, জমা দেওয়া চলচ্চিত্রটি অবশ্যই ৪০ মিনিটের বেশি দৈর্ঘ্যের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হতে হবে। কাহিনীচিত্রের পাশাপাশি পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও আবেদনের জন্য যোগ্য হবে।
চলচ্চিত্রটির মূল সংলাপ বা সংলাপ ট্র্যাকের ৫০ শতাংশের বেশি বাংলাদেশি ভাষায় হতে হবে। পাশাপাশি চলচ্চিত্রে নির্ভুল ও স্পষ্টভাবে পাঠযোগ্য ইংরেজি সাবটাইটেল থাকা বাধ্যতামূলক।
অস্কারের জন্য যোগ্য হতে হলে চলচ্চিত্রটি ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের বাণিজ্যিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে হবে। একই সিনেমা হলে সাধারণ দর্শকের জন্য বাণিজ্যিক ভিত্তিতে অন্তত টানা সাত দিন প্রদর্শিত হওয়ার শর্তও রয়েছে।
এ ছাড়া প্রেক্ষাগৃহে মুক্তির আগে টেলিভিশন, পে-পার-ভিউ, ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিভিডি, বিমানে প্রদর্শন কিংবা ইন্টারনেটে চলচ্চিত্রটি প্রচারিত হলে সেটি অস্কারের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। আবেদন করা চলচ্চিত্রটির সৃজনশীল নিয়ন্ত্রণও মূলত বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের হাতে থাকতে হবে।
অস্কার বাংলাদেশ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে কিংবা অ্যাকাডেমির নিয়মের বাইরে কোনো তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল হতে পারে।
অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ সময় ১৬ সেপ্টেম্বর ২০২৬। আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকার হোটেল সোনারগাঁওয়ে জুরি বোর্ডের সিদ্ধান্ত জানানো হবে।
আবেদন ফরমের লিংক: https://forms.gle/3NQQHmXFSKkDpMnc7
অস্কার বাংলাদেশ কমিটির সাবমিশন কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।