সারা দেশে তীব্র কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (৪ মে) রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র বেগে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।