৬১ বছরের আমির অভিনয় করবেন ২৫ বছরের তরুণের চরিত্রে

৬১ বছর বয়সে এসে ফের বড় ধরনের শারীরিক রূপান্তরের পথে হাঁটছেন আমির খান। আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘লালকারা’ সিনেমায় ২৫ বছর বয়সী তরুণের চরিত্রে অভিনয় করবেন তিনি। চরিত্রটির জন্য ওজন কমিয়ে নিজেকে তরুণ অবয়বে পর্দায় হাজির করার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

ভারতীয় ক্রিকেট ও দেশভাগের পটভূমিতে নির্মিত হচ্ছে ‘লালকারা’। সিনেমাটিতে আমির খান অভিনয় করছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার লালা অমরনাথের চরিত্রে। ভারতের স্বাধীনতার পর প্রথম টেস্ট অধিনায়ক লালা অমরনাথের জীবনের গুরুত্বপূর্ণ সময়কে কেন্দ্র করেই এগোবে সিনেমার গল্প।

গল্পের প্রয়োজনে লালা অমরনাথের তরুণ বয়সও পর্দায় তুলে ধরা হবে। সেই অংশের জন্যই ২৫ বছর বয়সী তরুণের মতো চেহারা পেতে ফের ওজন কমাচ্ছেন আমির। কঠোর খাদ্যনিয়ন্ত্রণ ও শরীরচর্চার মাধ্যমে নিজেকে চরিত্রের উপযোগী করে তুলছেন তিনি।

চরিত্রের জন্য শারীরিক পরিবর্তন আমির খানের কাছে অবশ্য নতুন কিছু নয়। ‘দঙ্গল’-এ বয়স্ক মহাবীর সিং ফোগাটের চরিত্রে অভিনয়ের জন্য প্রায় ২৭ কেজি ওজন বাড়িয়ে ৯৭ কেজিতে পৌঁছেছিলেন তিনি। পরে সিনেমার তরুণ মহাবীরের চরিত্রে ফিরতে মাত্র পাঁচ মাসে সেই বাড়তি ওজন কমিয়ে ফেলেন।

‘লাল সিং চাড্ডা’তেও তরুণ চরিত্রের জন্য প্রায় ২০ কেজি ওজন কমিয়েছিলেন আমির। আর ‘গজনি’র জন্য গড়ে তুলেছিলেন পেশিবহুল শরীর। প্রতিটি চরিত্রের শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী নিজেকে বদলে ফেলার এই প্রবণতার কারণেই বলিউডে তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত।

‘লালকারা’ দিয়ে দীর্ঘ সময় পর আবার আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করছেন আমির খান। এর আগে ২০০১ সালে এই জুটি উপহার দিয়েছিল ক্রিকেটভিত্তিক বহুল প্রশংসিত সিনেমা ‘লগান’। নতুন সিনেমাটিও ক্রিকেটকে কেন্দ্র করে নির্মিত হলেও এর গল্পে যুক্ত হয়েছে দেশভাগ ও স্বাধীনতা-পরবর্তী ভারতের গুরুত্বপূর্ণ ইতিহাস।

ফলে ‘লালকারা’য় ইতিহাস ও ক্রিকেটের গল্পের পাশাপাশি দর্শকদের আগ্রহের বড় কারণ হয়ে উঠেছে ৬১ বছর বয়সী আমির খানের ২৫ বছরের তরুণ হয়ে পর্দায় হাজির হওয়ার প্রস্তুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *