ক্রিকেটের অভিজাত সংস্করণ বলা হয় টেস্ট ক্রিকেটকে। টেস্টের সাদা পোষাক গায়ে জড়ানোর স্বপ্ন নিয়েই বেড়ে ওঠেন অনেক ক্রিকেটার। বাংলাদেশের পেসারও হাসান মাহমুদও সেই দলেরই একজন। যিনি লাল বলের সেরা হওয়ার স্বপ্ন দেখেন। শুধু স্বপ্নই দেখেন না সেটি পূরণও করতে জানেন এই টাইগার পেসার।
দীর্ঘদিন ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ। তাসমান পাড়ের উদ্দেশ্যে বিমান ধরার আগে হাসান মাহমুদ বলে গিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত দু’বার পাঁচ উইকেট শিকার করতে চান তিনি। প্রথম দিনেই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন হাসান। ৬ উইকেট শিকার করে গড়লেন নতুন ইতিহাস।
ডারউইনের মারারা স্টেডিয়ামে হাসানের কল্যাণেই বাংলাদেশকে স্বাগতিকদের অলআউট করেছে ২০০ রানের আগেই। উদ্বোধনী জুটিতে বিনা উইকেটে অস্ট্রেলিয়া ৪৫ রান তোলার পর প্রথম আঘাতটা হেনেছিলেন হাসান। অসিদের ইনিংসে শেষ আঘাতটাও তারই। মাঝে ফিরিয়েছেন আরও চার ব্যাটারকে।
হাসান মাহমুদই প্রথম বাংলাদেশি বোলার যিনি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্টে পাঁচ উইকেট শিকার করলেন। গণ্ডিটা আরেকটু বড় করলে সব সংস্করণ মিলিয়েই তিনি অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট শিকার করা প্রথম বোলার হাসান।
স্বাগতিকদের বিপক্ষে হাসান ১৭ ওভার বল করে ৫৫ রান খরচ করে শিকার ধরেছেন ৬টি। টেস্ট ক্রিকেটে এটি তার সেরা বোলিং ফিগার। এর আগে সেরা বোলিং ছিল ৪৩ রানে ৫ উইকেট।
আরও তিনটি কীর্তি গড়েছেন হাসান। বাংলাদেশের পেসারদের মধ্যে প্রতিপক্ষের মাটিতে টেস্টে সর্বোচ্চ তিনবার ৫ উইকেট নেওয়ার কীর্তি এখন হাসানের। এর আগে ২০২৪ সালে চেন্নাই টেস্টে ভারত ও একই বছর রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের মাটিতে ৫ উইকেট পেয়েছেন তিনি।
অন্যদিকে, ডারউইনের এই মাঠে দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন তার। বাংলাদেশিদের মধ্যেও টেস্ট ক্রিকেটে তৃতীয় বোলিং ফিগারের কীর্তি গড়লেন তিনি।