৫ জুলাই তৃতীয় বিয়ে করছেন ৬১ বছর বয়সী আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে ঘরোয়া ও ঘনিষ্ঠ আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পারিবারিক সদস্য ও অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতেই হবে এই বিয়ের অনুষ্ঠান।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-কে ঘনিষ্ঠ সূত্র জানায়, ৬১ বছর বয়সী আমির খান এবং ৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাট সম্প্রতি তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন। সূত্রের ভাষায়, ‘তারা এখন একটি স্থিতিশীল অবস্থায় আছেন এবং নিজেদের সম্পর্ককে উদযাপন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে।’

জানা গেছে, অনুষ্ঠানটি আমির খানের নিজ বাসভবনে অত্যন্ত ব্যক্তিগত পরিবেশে অনুষ্ঠিত হবে। কোনো বড় ধরনের আয়োজন রাখা হয়নি। যদিও আনুষ্ঠানিক অতিথি তালিকা প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, ঘনিষ্ঠ বন্ধু ও বলিউডের তারকা শাহরুখ খান ও সালমান খানও উপস্থিত থাকতে পারেন, যদি তাদের সময় মেলে।

গৌরী স্প্র্যাট পূর্বে আমির খান প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন। তার আগের সংসারে তার একটি ৭ বছর বয়সী ছেলে রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, দুই পরিবারের সম্মতিতেই তারা নতুন এই অধ্যায়ে প্রবেশ করছেন।

আমির খান এর আগে রিনা দত্তের সঙ্গে বিবাহিত ছিলেন। তাদের দুই সন্তান জুনায়েদ ও ইরা খান। পরে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি ছেলে আজাদ রয়েছে। ২০২১ সালে আমির খান ও কিরণ রাও তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত বছর মুম্বাইয়ে এক প্রাক-জন্মদিন অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। তখন তিনি জানান, তারা এক বছরের বেশি সময় ধরে সম্পর্কে আছেন এবং একে অপরের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। যদিও বিয়ের প্রসঙ্গে তিনি তখন বলেছিলেন, বয়সের কারণে বিষয়টি ভেবে দেখছেন।

কাজের দিক থেকে আমির খান সর্বশেষ ‘সিতারে জমিন পার’ ছবিতে দেখা গিয়েছিলেন। তার পরবর্তী প্রকল্পের মধ্যে রয়েছে লালা অমরনাথের জীবনীচিত্র এবং রাজকুমার হিরানির একটি নামহীন চলচ্চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *