সংক্ষিপ্ত স্কোর || দ্বিতীয় দিন
বাংলাদেশ: ৪১৩/১০ (১১৭.১ ওভারে)
প্রথম ইনিংসে যুৎসই পুঁজি পেল বাংলাদেশ।
চারশ রান টার্গেট করেছিল স্বাগতিকরা। নিজেদের লক্ষ্যে পৌঁছতে পেরেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হন তখন বাংলাদেশের রান ৪১৩। পেসার শাহীন শাহ আফ্রিদির বল জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তাসকিন।
সেখানে সৌদ শাকিল ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন। তাসকিনের ১৯ বলে ২৮ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস থেমে যায় সেখানেই। ৩ চার ও ১ ছক্কা ছিল তার ইনিংসে। ২৩ বল খেলে ৪ রানে অপরাজিত থাকেন নাহিদ।
পাকিস্তানের বিপক্ষে তৃতীয়বার বাংলাদেশের রান চারশ ছাড়াল। এর আগে রাওয়ালপিণ্ডিতে ৫৬৫ এবং খুলনায় ৫ উইকেটে ৫৫৫ রান করেছিল বাংলাদেশ।
তাসকিনের ব্যাটে চারশ পেরিয়ে বাংলাদেশ
মধ্যাহ্ন বিরতির পর পরপর দুই ওভারে মুশফিকুর রহিম ও ইবাদত হোসেন সাজঘরে ফিরলে বাংলাদেশের চারশ রান পূর্ণ হবে কি না তা নিয়ে সংশয় বাড়ছিল। তাসকিন আহমেদ সেই দায়িত্বটা নিজ কাঁধে নিলেন। মোহাম্মদ আব্বাসের লেন্থ বল জায়গা বানিয়ে লং অফ দিয়ে বিশাল ছক্কা হাঁকালেন। দলের রান ৩৯৬ থেকে এক লাফে ৪০২। বাংলাদেশের লক্ষ্য পূরণ।
বিরতির পর শাহীন শাহ আফ্রিদির বলে বোল্ড হন মুশফিকুর। ৭১ রানে আউট হন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। পরের ওভারে মোহাম্মদ আব্বাস ফাইফারের স্বাদ পান ইবাদত হোসেনকে ফিরিয়ে। ১০ বল খেলে কোনো রান নিতে পারেননি ইবাদত।
ক্রিজে তাসকিনের নতুন সঙ্গী নাহিদ রানা। জোরে বল করলেও ব্যাটিংয়ে নাহিদের ভরসা এলোমেলো ব্যাট চালানো। তাতেই কাজ হলো। তাসকিন পেলেন সঙ্গ। ওদিকে তাসকিন ক্রিকেটীয় ব্যাকরণ মেনে দারুণ সব শট খেলে দলের রান নিয়ে যান চারশর চূড়ায়।
৩ উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করল বাংলাদেশ:
দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৩টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৩৩৮ রানের মাথায় লিটন ফিরেন ৩৩ রান করে। ৩৫৪ রানে মিরাজ আউট হন ১০ রান করে। আর ৩৭৮ রানের মাথায় তাইজুল ফিরেন ব্যক্তিগত ১৭ রানে। মুশফিকুর রহিম ৭১ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে আছেন এবাদত হোসেন।
আব্বাসের চতুর্থ শিকার তাইজুল:
তাইজুল বেশ সাবলীল ব্যাটিং করছিলেন। ২২ বলে ২ চারে তুলে ফেলেছিলেন ১৭ রান। কিন্তু আব্বাসের করা ১০৭তম ওভারের পঞ্চম বলে এজ হয়ে উইকেটের পেছনে রিজওয়ানের হাতে ধরা পড়েন।
১০ রান করে ফিরলেন মিরাজ:
দ্রুত আরও একটি উইকেট হারাল বাংলাদেশ। লিটনের পর মাঠে নামা মিরাজ বেশিক্ষণ টিকতে পারলেন না। আব্বাসের করা ১০১তম ওভারের চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ইমাম-উল-হকের তালুবন্দি হয়ে ফিরেন মিরাজ। ১ চার ও ১ ছক্কায় ১০ রান আসে তার ব্যাট থেকে। মুশফিকের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন তাইজুল ইসলাম।
অপ্রয়োজনীয় শট খেলে ফিরলেন লিটন:
দলীয় ৩৩৮ রানের মাথায় অপ্রয়োজনীয় শট খেলে আউট হলেন লিটন। আব্বাসের করা ৯৭তম ওভারের চতুর্থ বলে উড়িয়ে শট খেলতে গিয়ে মিড অনে আমাদ বাটের হাতে ধরা পড়েন। ৬৭ বলে ৫টি চারে ৩৩ রান আসে তার ব্যাট থেকে। মুশফিকের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন মিরাজ।
মুশফিক-লিটন জুটির ফিফটি:
২৭৬ রানের মাথায় সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে আউট হন মুমিনুল হক। সেখান থেকে জুটি বাঁধেন মুশফিক ও লিটন। পঞ্চম উইকেট জুটিতে ইতোমধ্যে তারা দলীয় সংগ্রহে ৬২ রান যোগ করেছে। মুশফিক ৬০ ও লিটন ৩৩ রান নিয়ে ব্যাট করছেন। ৯৬.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৩৮।
মুশফিকের ক্যারিয়ারের ৩০তম ফিফটি:
৪৮ রান নিয়ে প্রথম দিন শেষ করা মুশফিকুর রহিম দ্বিতীয় দিনের শুরুতেই ফিফটি তুলে নিয়েছেন। ১১৪টি বল মোকাবিলা করে ৬টি চারের সাহায্যে টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটিতে পৌঁছান অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
দ্বিতীয় দিনের খেলা শুরু:
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে সকাল ১০টায়। প্রথম দিন মুশফিকুর রহিম ৪৮ ও লিটন কুমার ৮ রানে অপরাজিত ছিলেন। তারা দুজন আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছেন।
এসএন/পিডিকে