২০২৬ সালের সেরা সিনেমাগুলো কেন আলাদা!

হলিউডে এবার গল্পের চেনা পথ ছেড়ে অজানার দিকে যাত্রা করেছে। বিজ্ঞান কল্পকাহিনি থেকে মনস্তাত্ত্বিক নাটক, অ্যানিমেশন থেকে সম্পর্কের সংকট সবখানে বিস্ময়ই যেন নতুন ভাষা।

এক সময় গ্রীষ্মকাল মানেই ছিল সুপারহিরো, বিস্ফোরণ, ধাওয়া-পাল্টাধাওয়া আর শত কোটি ডলারের ব্যবসায়িক লড়াই। কিন্তু ২০২৬ সালের প্রথমার্ধ যেন সেই পরিচিত সমীকরণটিকেই বদলে দিয়েছে। এ বছরের আলোচিত চলচ্চিত্রগুলোর দিকে তাকালে বোঝা যায়, নির্মাতারা আর কেবল দর্শককে বাস্তবতা থেকে পালানোর সুযোগ দিচ্ছেন না। বরং বাস্তবের অস্বস্তি, অনিশ্চয়তা এবং অদ্ভুততাকেই নতুন নান্দনিকতায় পর্দায় তুলে আনছেন।

বিশ্বখ্যাত ফ্যাশন ও সংস্কৃতিবিষয়ক সাময়িকী ‘এল’এর সম্পাদকদের মতে, ২০২৬ সালের চলচ্চিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—“অদ্ভুতই এখন নতুন স্বাভাবিক”। অর্থাৎ, অদ্ভুত, অপ্রত্যাশিত ও প্রচলিত ছকের বাইরে থাকা গল্পই এখন দর্শকের সবচেয়ে বড় আকর্ষণ।

মহাকাশ থেকে মানুষের মনের ভেতরঃ

এ বছরের চলচ্চিত্রে একদিকে যেমন রয়েছে মহাকাশ অভিযানের বিস্ময়, অন্যদিকে রয়েছে মানুষের অন্তর্জগতের গভীর সংকট।

বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ‘প্রজেক্ট হেইল মেরি’ দর্শককে নিয়ে যায় মহাকাশে, কিন্তু এর কেন্দ্রে রয়েছে মানুষের বেঁচে থাকার ইচ্ছা, বন্ধুত্ব এবং আত্মত্যাগ। আবার কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’-তে ভিনগ্রহের গল্প থাকলেও আসলে প্রশ্ন তোলা হয়েছে মানুষ, রাজনীতি এবং ভয়ের মনস্তত্ত্ব নিয়ে। অর্থাৎ, বিজ্ঞান কল্পকাহিনি এখন আর কেবল প্রযুক্তির গল্প নয়, এটি মানুষের গল্পও।

সম্পর্কের গল্পেও অস্বস্তির ছায়াঃ

শুধু কল্পবিজ্ঞান নয়, সম্পর্কভিত্তিক চলচ্চিত্রেও এবার এসেছে নতুন মোড়। ‘দ্য ড্রামা’ কিংবা ‘দ্য ইনভাইট’-এর মতো চলচ্চিত্রে প্রেম, দাম্পত্য ও বন্ধুত্বের পরিচিত কাঠামোকে ভেঙে ফেলা হয়েছে অপ্রত্যাশিত মোড় এবং মনস্তাত্ত্বিক উত্তেজনার মাধ্যমে।

দর্শককে শেষ পর্যন্ত অনুমান করতে দেওয়া হয় না—পরবর্তী মুহূর্তে কী ঘটতে চলেছে। এ যেন এমন এক দৃশ্যকল্পের প্রতিফলন, যখন বাস্তব জীবনও ক্রমশ অনিশ্চয়তায় ভরে উঠছে। তাই সিনেমাও সেই অনিশ্চয়তার ভাষা ধার করছে।

অ্যানিমেশন আর শুধু শিশুদের জন্য নয়ঃ

২০২৬ সালের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো অ্যানিমেশন চলচ্চিত্রের নতুন পরিসর। ‘টয় স্টোরি ৫’ কিংবা ‘হপার্স’-এর মতো ছবি শুধু শিশুদের আনন্দ দেওয়ার জন্য নির্মিত নয়। বরং পরিবার, স্মৃতি, বিচ্ছেদ, বন্ধুত্ব এবং পরিবর্তনের মতো জটিল মানবিক অনুভূতিও তুলে ধরছে।

ফলে অ্যানিমেশন এখন সব বয়সের দর্শকের জন্য সমান আকর্ষণীয় হয়ে উঠেছে।

বড় বাজেটের পাশাপাশি ছোট ছবির উত্থানঃ

একসময় বড় স্টুডিওর ছবিই ছিল হলিউডের আলোচনার কেন্দ্র। কিন্তু এবার স্বাধীন নির্মাতাদের ছবিও সমানভাবে সমাদৃত। ব্লু হেরন, রোজ অব নেভাদা, টিউনার কিংবা নিরভানা দ্য ব্যান্ড দ্য শো দ্য মুভি-এর মতো চলচ্চিত্র প্রমাণ করেছে, সীমিত বাজেটেও অসাধারণ গল্প বলা সম্ভব।

ব্যক্তিগত স্মৃতি, সময়, পরিচয় এবং সমাজকে কেন্দ্র করে নির্মিত এসব ছবি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

দর্শকের রুচিও বদলাচ্ছেঃ

সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন দেখার প্ল্যাটফর্মের বিস্তার দর্শকের চলচ্চিত্র দেখার অভ্যাস বদলে দিয়েছে। এখন দর্শক শুধু বড় বাজেটের বিনোদন চান না। তাঁরা এমন গল্পও খোঁজেন, যা চিন্তা জাগায়, আলোচনার জন্ম দেয় এবং দীর্ঘদিন মনে থাকে।

সমালোচকদের মতে, ২০২৬ সালের চলচ্চিত্রগুলো সেই পরিবর্তিত দর্শক-মনস্তত্ত্বেরই প্রতিফলন। এখানে বাণিজ্যিক সাফল্য ও শিল্পমান—দুটিকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিনেমা যখন সময়ের আয়নাঃ

চলচ্চিত্র সবসময়ই সমাজের প্রতিচ্ছবি। যুদ্ধ, প্রযুক্তি, জলবায়ু সংকট, একাকিত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা সম্পর্কের ভাঙন—যে প্রশ্নগুলো আজকের পৃথিবীকে নাড়া দিচ্ছে, সেগুলোই এবার রূপালি পর্দার গল্প হয়ে উঠেছে।

তাই ২০২৬ সালের সেরা সিনেমাগুলোর তালিকা কেবল ভালো চলচ্চিত্রের তালিকা নয়। এটি আমাদের সময়ের সাংস্কৃতিক মানচিত্রও। এখানে বিনোদন আছে, বিস্ময় আছে, আবার গভীর আত্মজিজ্ঞাসাও আছে।

সম্ভবত এ কারণেই এ বছরের সিনেমা নিয়ে এক কথায় বলা যায়—চেনা গল্পের যুগ শেষ; এখন দর্শক খুঁজছেন এমন চলচ্চিত্র, যা শুধু চোখে নয়, মনে এবং চিন্তায়ও দীর্ঘদিন রয়ে যায়।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *