দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম হাসান ও শেহতাজ। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।
আজ রোববার (৪ অক্টোবর) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এ দম্পতি।
প্রীতম হাসান ফেসবুক পোস্টে লেখেন, আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।
এই অভিনেতা আরও বলেন, এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই।
প্রীতম হাসান বলেন, এই পরিবর্তনের সময়টুকুতে আমাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ রইল। আমরা আশা করি, বিষয়টি আমাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। সবসময় পাশে থাকা এবং আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।