অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হার আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তবে শেষ ম্যাচে মাঠে নামার আগে স্বাগতিকদের সামনে রয়েছে আরেকটি বড় চ্যালেঞ্জ-হোয়াইটওয়াশ এড়ানো। সেই লক্ষ্য নিয়েই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
শেষ ম্যাচকে সামনে রেখে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে জায়গা হারিয়েছেন সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান এবং আব্দুল গাফ্ফার সাকলাইন। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ, বাঁহাতি গতিতারকা শরিফুল ইসলাম এবং উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।
প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় পরিবর্তনের এই সিদ্ধান্তকে নতুন সমাধান খোঁজার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় দীর্ঘ সময় নিয়ন্ত্রণে ছিল স্বাগতিকরা। একপর্যায়ে হাতে আট উইকেট রেখে শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ৯৪ রান। কিন্তু সেখান থেকে নাটকীয়ভাবে ম্যাচ হাতছাড়া করে ৭ রানের পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে।
তাই শেষ ম্যাচে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-তিন বিভাগেই উন্নতির লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। বিশেষ করে ব্যাটিং ইউনিটের কাছ থেকে আরও দায়িত্বশীল পারফরম্যান্স আশা করছে দল। একই সঙ্গে তাসকিন ও শরিফুলের অন্তর্ভুক্তি পেস আক্রমণে বাড়তি ধার যোগ করবে বলেই বিশ্বাস টিম ম্যানেজমেন্টের।
অন্যদিকে সিরিজ ইতোমধ্যেই নিজেদের করে নেওয়া অস্ট্রেলিয়া কোনো পরিবর্তন ছাড়াই খেলছে শেষ ম্যাচে। প্রথম দুই ম্যাচের জয়ী একাদশের ওপরই আস্থা রেখেছেন অধিনায়ক মিচেল মার্শ। সফরকারীদের লক্ষ্য এখন বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সিরিজ শেষ করা।
চট্টগ্রামের মাঠে তাই শেষ ম্যাচটি দুই দলের জন্যই ভিন্ন বাস্তবতার লড়াই। অস্ট্রেলিয়া চাইবে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করতে, আর বাংলাদেশ নামছে সম্মান রক্ষার মিশনে। সিরিজ হাতছাড়া হলেও জয় দিয়ে অভিযান শেষ করার সুযোগ এখনও রয়েছে তাওহিদ হৃদয়ের দলের সামনে।
বাংলাদেশ: পারভেজ হোসেন (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, আব্দুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার।
অস্ট্রেলিয়া: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।
এসএন/কে