দেশব্যাপী হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে সরকারের উদ্যোগে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এতে জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে এরকম কর্মসূচির জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি জনগণকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানানো হয়েছে।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) ড্যাবের দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশব্যাপী হামের প্রাদুর্ভাবের কারণে অনাকাঙিক্ষত শিশুমৃত্যু ও শোকের ছায়া নেমে এসেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে দ্রুত জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ এবং হাম নিয়ন্ত্রণের জন্য হামের টিকা প্রদান কর্মসূচি গ্রহণ করার জন্য সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে হামের প্রাদুর্ভাবের কারণে আক্রান্ত শিশুদের জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ছাড়া তারা জনগণকে আতঙ্কিত না হয়ে সরকার সরকারের নেওয়া পদক্ষেপের সহযোগিতা করার আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারের অধীনে আগামী ৫ এপ্রিল ৬ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে হামের টিকা প্রদান করা হবে। শিশু মৃত্যুর হার কমাতে হামের টিকা গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন ড্যাব নেতৃবৃন্দ।
এছাড়া, ড্যাব কর্তৃক জানানো হয়, যদি কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দেয়, তবে আতঙ্কিত না হয়ে নিকটস্থ সরকারি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রেখে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করতে হবে।
হামের লক্ষণ দেখা দিলে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের জন্যও ড্যাব নেতৃবৃন্দ আহ্বান জানান।