হামের টিকা কারা পাবেন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় দেশের ২০ জেলার ৩০টি স্থানকে ‘হটস্পট’ ঘোষণা করেছে সরকার। এসব এলাকায় আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে, তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক।

আজ শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। অতীতে টিকাদানের হার কমে যাওয়ার কারণ অনুসন্ধান বা তদন্তের চেয়ে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমাকে আমার মানুষকে বাঁচাতে হবে, আমার শিশুদের বাঁচাতে হবে।’ এই ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

দেশের শিশু হাসপাতালগুলোতে আইসিইউ সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রোগীর সংখ্যা হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিদ্যমান আইসিইউ সক্ষমতা প্রবল চাপের মুখে পড়েছে। আইসিইউ বেড বাড়ানো সময়সাপেক্ষ হলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেসব শিশুর জরুরি আইসিইউ প্রয়োজন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়া হায়দার, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী এবং অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামীকাল থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি সফল করতে অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *