দেশের বিভিন্ন জেলায় হাম রোগের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ফেনী জেলায় বিশেষ সতর্কতামূলক প্রস্তুতি জোরদার করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে এখন পর্যন্ত ফেনী জেলায় কোনো হাম রোগী শনাক্ত হয়নি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সারা বছরই হাম শনাক্তে নিয়মিত নজরদারি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এর অংশ হিসেবে সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ফেনীতে এই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং বিশেষ করে শিশুদের ক্ষেত্রে নমুনা সংগ্রহের হার বাড়ানো হয়েছে।
একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিশেষ আইসোলেশন সুবিধা প্রস্তুত রাখা হয়েছে। কোনো রোগী শনাক্ত হওয়া মাত্রই যাতে দ্রুত উন্নত চিকিৎসা সেবা ও আইসোলেশন নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এই আগাম প্রস্তুতি।
ফেনীর সিভিল সার্জন মো. রুবাইয়াত বিন করিম জানান, জেলা ও উপজেলার সরকারি হাসপাতালগুলোতে আইসোলেশন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত চিকিৎসা নিতে আসা রোগীদের পাশাপাশি নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, এই নমুনা সংগ্রহের বিষয়টি সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কেবল একটি আগাম সতর্কতা।