হরমুজ প্রণালিকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে: কাতার

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি বলেছেন, হরমুজ প্রণালিকে চলমান যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার ফলে উপসাগরীয় দেশগুলো বিশেষ করে অর্থনৈতিকভাবে মারাত্মক প্রভাবের মুখে পড়েছে।

মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান–এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ এবং হরমুজ প্রণালি সংকটের কারণে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে সমুদ্রপথে চলাচলের স্বাধীনতাও সীমিত হয়ে পড়েছে।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, এই যুদ্ধে হরমুজ প্রণালিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যা পুরো অঞ্চলের অর্থনীতিতে কঠিন প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, ইরান যেন উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি বা ব্ল্যাকমেইল করার হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার না করে।

তিনি বলেন, ইরানের উচিত নয় এই প্রণালিকে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে চাপ প্রয়োগ বা ব্ল্যাকমেইলের অস্ত্র হিসেবে ব্যবহার করা।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ও অবরোধ জোরদার করেছে। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক তেল ও গ্যাস বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *