স্পেন থেকে অভিবাসীদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর শুরু

উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের ছিটমহল সিউতার এল ট্রাম্পলিন সৈকত থেকে কয়েক হাজার মরোক্কান অভিবাসীকে অস্থায়ী সরকারি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে দেশটির পুলিশ। স্থানান্তর প্রক্রিয়ায় থাকা অভিবাসীদের মধ্যে প্রায় ৫০০ অভিভাবকহীন কন্যাশিশু রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তীব্র মানবিক সংকটের মুখে পড়া এল ট্রাম্পলিন সৈকত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে স্প্যানিশ ন্যাশনাল পুলিশ ও সিভিল গার্ড। সৈকতে খাদ্য, সুপেয় পানি এবং স্যানিটেশন ব্যবস্থার মারাত্মক সংকট তৈরি হওয়ায় নারী ও শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

মানবিক বিপর্যয় রোধে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রাথমিক ধাপে ১ হাজার ৮০০ জন অভিবাসীর জন্য সামরিক তাবু ও জরুরি ক্যাম্পের মাধ্যমে অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে স্পেন সরকার।  প্রতিবেদনে বলা হয়, এখনও প্রায় ৪ হাজার মানুষ সিউতা সৈকত সংলগ্ন এলাকায় চরম দুর্দশায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

গত মাসে আফ্রিকার দারিদ্র্য, বেকারত্ব ও অস্থিতিশীলতা থেকে বাঁচতে মরক্কো সীমান্ত পেরিয়ে হাজার হাজার মানুষ সাঁতরে ও হেঁটে সিউতায় প্রবেশ করেছিল। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার ধাপে ধাপে আশ্রয়কেন্দ্রগুলোর ধারণক্ষমতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *