জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। অধিবেশনে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। একই সময়ে স্পিকারের কাছে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির পদযাত্রার অংশ হিসেবে রাজধানীর বাংলামোটরে সৌদিয়া ট্রেড সেন্টারের সামনে জমায়েত শেষে এই পদযাত্রা শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কড়া সমালোচনা করে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত গুম প্রতিরোধ অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি জানান। সেখানে আখতারুজ্জামান ছাড়াও আরও কয়েকজন বক্তব্য দেন।

পদযাত্রায় অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান ছাড়াও আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার ব্যক্তিদের অনেকে।

পদযাত্রায় ‘বাংলাদেশে আয়নাঘর, থাকবে না রে থাকবে না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘ঘেরাও ঘেরাও হবে, সংসদ ভবন ঘেরাও হবে’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।